উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই থানা পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন।
বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে উত্তরা পূর্ব থানার একটি দল তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলার কথা থাকলেও এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি কৌশলে থানার হেফাজত থেকে পালিয়ে যান।
ছাত্র-জনতা হত্যা মামলায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি শাহ আলম। ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তার নাম যুক্ত হয়। তিনি সর্বশেষ কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তদন্তে জানা যায়, শাহ আলমকে ঢাকায় আনার পর উত্তরা পূর্ব থানার ওসির কক্ষে রাখা হয়েছিল। সেখান থেকেই তিনি পালিয়ে যান। ঘটনার পর এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উত্তরা পূর্ব থানার একজন কর্মকর্তা জানান, শাহ আলমকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। তবে থানার বর্তমান ওসি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
এ ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনী নতুন করে সমালোচনার মুখে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের ওপর সবাই নজর রাখছে।
0 মন্তব্যসমূহ